বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ডকুমেন্টারিতে জুলাইকে বিএনপির দলীয় অভ্যুত্থান মনে হতে পারে: সারজিস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

ডকুমেন্টারিতে জুলাইকে বিএনপির দলীয় অভ্যুত্থান মনে হতে পারে: সারজিস
জুলাইযোদ্ধা ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তৈরি করা একটি ডকুমেন্টারি দেখলে মনে হতে পারে, জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এ কথা লেখেন।

তিনি লেখেন, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি দেখিয়েছে। সেখানে ৩ আগস্ট ঘোষিত জুলাইয়ের এক দফা নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামচিহ্ন পর্যন্ত নেই।

সারজিস আরও লেখেন, ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই, বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে। ইতিহাসকে দখল করতে চাওয়ার আওয়ামী খাসলত বিএনপি ভালোই রপ্ত করেছে দেখা যাচ্ছে।

এরপর তিনি লেখেন, এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ডিয়ার বিএনপি? শুধু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশ দিয়ে এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মুছতে পারবেন না আপনারা।

এর কয়েক মিনিট পর আরেকটি স্ট্যাটাস দেন সারজিস। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি লেখেন, জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?

আজ রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাইয়ে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। ওই ডকুমেন্টারিতে এনসিপির নেতা ও জুলাই আন্দোলনে এক দফার ঘোষক নাহিদ ইসলামের ভিডিওর কিছু অংশ বাদ পড়েছে। এ বিষয়টির প্রতি ইঙ্গিত করেই সারজিস আলম ওই স্ট্যাটাস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

#এমআইকে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর