বিদ্যুৎ বিলে আরোপিত ‘হিডেন চার্জ’ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সঙ্গে তিনি গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের হিডেন চার্জ বন্ধ করতে হবে। তাহলেই জনজীবনে স্বস্তি ফিরে আসবে। অন্যথায় গ্যাসের দাম কমানোর দাবিতে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাইয়ের আন্দোলনের সূচনা একদিনে হয়নি; এর ধারাবাহিকতা ২০১৮ সাল থেকেই শুরু হয়েছিল।
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে সেলিম উদ্দিন অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১ আগস্ট জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
তিনি বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ শুধু ঘোষণায় সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এর পরিণতি ভোগ করতে হতে পারে।
গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি শতভাগ নির্মূল করা গেলে দেশের অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে গ্যাসের দাম কমানো, বিদ্যুতের মূল্য হ্রাস এবং অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি জানাই।
তিনি আরও অভিযোগ করেন, সরকার জুলাইয়ের চেতনার কথা বললেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

বক্তব্যের একপর্যায়ে আগামী ৫ আগস্টকে ‘৩৬ জুলাই’ ও ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ হিসেবে উল্লেখ করে তিনি সেদিন সকাল ১০টায় পল্টনে সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
সমাবেশ শেষে উত্তরা রাজউক কলেজের সামনের সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জসীমউদ্দীন সড়ক হয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা মডেল থানা আমির ইব্রাহীম খলিল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, দক্ষিণখান উত্তর আমির মোস্তাকিম আলম, উত্তরখান পূর্ব আমির ইসরাঈল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
টিএই/এফএ




