জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সমাবেশে বক্তব্য দেবেন এবং গণমিছিলে নেতৃত্ব দেবেন।
একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজপথে জনসমাগম ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতারা।
শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে একমাত্র পীর সাহেব চরমোনাই সরাসরি মাঠে ছিলেন। তিনি দলের অস্তিত্বের ঝুঁকি নিয়েও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
আগামী ৫ আগস্ট জুলাইয়ের সেই অবিনশ্বর শক্তির পুনঃপ্রদর্শন করা হবে। জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে ঢাকার রাজপথ জনতার স্লোগানে মুখরিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
যৌথসভায় সিদ্ধান্ত হয়, ৫ আগস্ট বুধবার বেলা ১১টায় রাজধানীর পল্টন মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ শুরু হবে।
জোহরের নামাজের আগে সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হবে। এতে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) নেতৃত্ব দেবেন।
এমআর/এএইচ




