শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

বিগত সরকার যা করেছে, বিএনপিও তাই করছে: মুজিবুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

বিগত সরকার যা করেছে, বিএনপিও তা-ই করছে: মুজিবুর রহমান
বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি: ফাইল ছবি

বিগত আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যেমন দলীয়করণ করেছে, বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। তার দাবি, সরকার জুলাইয়ের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে ফ্যাসিবাদী ধারাই অব্যাহত রেখেছে।

শুক্রবার (৩১ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত জুলাই বিপ্লবের শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে। আওয়ামী লীগ সরকার বিভিন্ন ধরনের কোটা চালু করেছিল। আর বর্তমান সরকার বিএনপি কোটা চালু করেছে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সরকারের একজন মন্ত্রীও স্বীকার করেছেন যে জুলাই বিপ্লবের পরও কার্যত কোনো পরিবর্তন হয়নি। এর কারণ হিসেবে সরকারের বিরুদ্ধে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পরিবর্তে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ করেন তিনি।

জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হলে রাষ্ট্রব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে এবং নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সরকার এ বিষয়ে বিরোধী দলের সহযোগিতা চাইলে জামায়াতে ইসলামী তা দেবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও জাতির প্রত্যাশিত ভাগ্যের পরিবর্তন হয়নি। জুলাই আন্দোলনে মানুষ নতুন রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ কার্যকর করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের উদ্দেশ্য ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে। শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ে তুলতে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, শহীদরা ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। কিন্তু সরকার সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে পুরোনো রাজনৈতিক সংস্কৃতিই ধরে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পার হলেও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। তাঁর দাবি, গণভোটে জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিলেও বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে সেই রায় উপেক্ষা করেছে।

তিনি জুলাইয়ের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করার দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মহানগরীর সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে জুলাই বিপ্লবের শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর