নির্বাচিত হওয়ার পর বিএনপি সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি নব্য স্বৈরাচারে পরিণত হওয়ার পথে রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলার উত্তর বাজারে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ নানা সংকটের মধ্যে রয়েছে। গ্যাস, সবজি ও বিদ্যুতের দাম বেড়েছে। টিসিবির লাইনে দাঁড়িয়ে এক নারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে বিরোধীদল হিসেবে সমালোচনা করতে গেলেও বাধার মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, জুলাই পদযাত্রা ঠেকাতে রাস্তায় ট্রাক, বালুবাহী ট্রাক্টরসহ বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তার ভাষায়, এটি ‘তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের নমুনা’।
আরও পড়ুন: হবিগঞ্জে হামলা: ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপির মামলা
এনসিপির আহ্বায়ক বলেন, হামলা ও বাধা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যায় না। জুলাইয়ের অঙ্গীকার-সংস্কার ও বিচারের দাবিতে তারা মাঠে রয়েছেন। অতীতে দমন-পীড়নের মাধ্যমে আন্দোলন থামানো সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন যারা জনগণের আন্দোলনের বাইরে ছিলেন, তারা ক্ষমতায় এসে জনগণের ওপর জুলুম, চাঁদাবাজি ও সন্ত্রাস চালানোর পথে হাঁটছেন। বিএনপি স্বৈরাচার ও সন্ত্রাসের পথে এগোলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘দেশে এসে পরিকল্পনার কথা বলেছিলেন, সেই পরিকল্পনা কী?’ তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে এক কিশোর জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় তার একটি চোখ নষ্ট হয়েছে। এ ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, জনগণ এ ধরনের ঘটনা মেনে নেবে না।
আরও পড়ুন: হবিগঞ্জে গিয়ে মামলা করব, তারপর ফিরব: নাহিদ
নাহিদ ইসলাম বলেন, তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন। তবে তাদের ছবি ব্যবহার করে কেউ সন্ত্রাস, জমি দখল বা চাঁদাবাজি করলে তা মেনে নেওয়া হবে না। দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও সংস্কার নিশ্চিত করার দাবি জানান তিনি।
আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের কারচুপি, লাঠিয়াল বাহিনী কিংবা সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির শীর্ষ নেতারা।




