দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
আরও পড়ুন: মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ ছেলেটার চোখ ফিরিয়ে দিন: আর্জি পাটওয়ারীর
বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়।
এ সময় সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানানো হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বৈঠকের নেতারা।
এ ছাড়া আগামী ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
টিএই




