রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে অপেক্ষমাণ মানুষের ওপর দেয়াল ধসে হতাহতের ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (২৯ জুলাই) এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এ দাবি জানান।
তিনি বলেন, মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য অপেক্ষমাণ মানুষের ওপর দেয়াল ধসে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া আশ্বাস দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
শেখ ফজলে বারী মাসউদ বলেন, স্বাধীনতার এত বছর পরও টিসিবির পণ্যের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষা ও ভিড় দেশের দারিদ্র্যের বাস্তব চিত্র তুলে ধরে। এখনো রাষ্ট্র সবার জন্য নিরাপদ ও পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করতে পারেনি। পুষ্টিকর খাবার তো দূরের কথা, অনেক মানুষকে ন্যূনতম খাদ্য সংগ্রহের জন্যও সংগ্রাম করতে হচ্ছে। কম দামে খাদ্যপণ্য সংগ্রহ করতে গিয়ে মানুষের মৃত্যুর ঘটনা রাষ্ট্রের সামগ্রিক ব্যর্থতার প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ২০১৪ সালে নির্মিত একটি দেয়াল এভাবে ধসে পড়া নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত দেয়। এ ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন যে তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটির প্রতিবেদন প্রকাশ এবং সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরের দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে পড়ে টিসিবির লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের উপর। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও কয়েকজন।
এমআর/এএইচ



