শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করতে হবে: জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করতে হবে: জামায়াত আমির
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জবাবদিহিতা নিশ্চিত করে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস স্টাফদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের কেন্দ্রীয় অফিস শুধু প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার স্থান নয়, এটি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সেবা ও দায়িত্বশীলতার প্রতিচ্ছবি। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা, সময়ানুবর্তিতা ও আমানতদারিতার সর্বোচ্চ পরিচয় দিতে হবে।

তিনি বলেন, দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে।

জামায়াত আমির আরও বলেন, অফিসের প্রতিটি দায়িত্বকে ইবাদতের মানসিকতা নিয়ে পালন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিষ্ঠা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজ—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি উপস্থিত সবাইকে নিজেদের দক্ষতা বৃদ্ধি, চরিত্র গঠন এবং সেবার মান উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় অফিস কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আ. ফ. ম. আব্দুস সাত্তারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

কর্মশালার শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন মাওলানা এটিএম মা’ছুম। পরে দারসুল কোরআন পেশ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এ ছাড়া কর্মশালায় বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং মো. আব্দুর রব।

কর্মশালায় কেন্দ্রীয় অফিসের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় অফিস ব্যবস্থাপনার মানোন্নয়ন, দায়িত্বশীলতা বৃদ্ধি, সেবার গুণগত মান উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করা হয়।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর