সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

এক সপ্তাহে ১৩টি গার্মেন্টস বন্ধে ইসলামী আন্দোলনের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

এক সপ্তাহে ১৩টি গার্মেন্টস বন্ধে ইসলামী আন্দোলনের উদ্বেগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের লোগো। - ফাইল ছবি

গত এক সপ্তাহে ১৩টি পোশাক কারখানা (গার্মেন্টস) বন্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, কারখানাগুলো বন্ধ হওয়ার প্রকৃত কারণ তদন্ত করে বের করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (৩ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, ‘গাজীপুর দেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র। এ অঞ্চলের পোশাক কারখানাগুলোয় লাখো শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। সেখানে একের পর এক কারখানা বন্ধ হওয়া দেশের উৎপাদন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়।’

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘সাম্প্রতিক সময়ে বন্ধ হওয়া কারখানাগুলোর পেছনে কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুতের সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়ার মতো কারণ সামনে এসেছে। এর পাশাপাশি বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের প্রভাবও রয়েছে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বন্ধ হওয়া ১৩টি কারখানার মধ্যে কয়েকটি শ্রমিক অসন্তোষের কারণেও বন্ধ হয়েছে। তবে এর বাইরে অন্য কোনো দুরভিসন্ধিমূলক কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা উচিত।’

সরকারকে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বন্ধ হওয়া কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও সরকারের উদ্যোগে করা প্রয়োজন।’

এসএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর