সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

বেতনহীন ইবতেদায়ি ১৬৯০ শিক্ষক,  দ্রুত সমাধানের আহ্বান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

Islami Andolon
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো

বাজেটে শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের রাজপথে অবস্থান করাকে সরকারের দ্বিচারিতার উদাহরণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। রোববার (১৪ জুন) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইউনুস আহমদ বলেন, সংসদে বাজেট উপস্থাপনের সময় শিক্ষাখাত নিয়ে নানা আশাব্যঞ্জক বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা ন্যায্য দাবিতে আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন। এটি শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারের দায়িত্বহীনতার পরিচয় বহন করে।


বিজ্ঞাপন


ইসলামী আন্দোলনের মহাসচিব শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের দাবিগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া যেত। অথচ টানা ছয় দিন ধরে অনশন চললেও সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। এ কারণেই শিক্ষকরা লংমার্চ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন।

ইউনুস আহমদ বলেন, শিক্ষক নেতাদের দাবি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন ছাড়ের চূড়ান্ত অনুমোদন দিলেও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এখনো কোনো শিক্ষকের বেতন ছাড় করেনি। ফলে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবনযাপন করছেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব সরকারের প্রতি দ্রুত অনশনরত শিক্ষকদের সঙ্গে সংলাপে বসে তাদের দাবির বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘মানুষ গড়ার কারিগরদের রাজপথে অনশন করতে হওয়া জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।’

এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর