দেশের অর্থনীতি শক্তিশালী ও টেকসই করতে কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ও বাণিজ্যিক প্রভাবমুক্ত রেখে পরিচালনার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আর্থিক প্রতিষ্ঠান ও আর্থিক খাত ব্যবস্থাপনায় রাজনীতির পরিবর্তে সুশাসন প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে জরুরি।
বুধবার (১০ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম শর্ত হলো কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা। কিন্তু অতীতে বাংলাদেশ ব্যাংক রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ প্রত্যাশা করেছিল কেন্দ্রীয় ব্যাংক সম্পূর্ণ অর্থনৈতিক বিবেচনায় পরিচালিত হবে। কিন্তু পরবর্তীতে গভর্নর নিয়োগকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ায় বাংলাদেশ ব্যাংকের নিরপেক্ষতা ও জনআস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে সাম্প্রতিক বিতর্কও অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক রূপ পেয়েছে। কোনো ব্যাংকে আর্থিক অনিয়ম বা সুশাসনের ঘাটতি থাকলে তা খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। কিন্তু বিষয়টিকে আর্থিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন না করে রাজনৈতিক বিতর্কে রূপ দেওয়া হচ্ছে।
তার মতে, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে একটি ব্যাংককে কেন্দ্র করে দীর্ঘ আলোচনা হলেও দেশের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান ও মূল্যস্ফীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলনামূলকভাবে উপেক্ষিত হচ্ছে।
মাওলানা গাজী বলেন, ইসলামী ব্যাংককে একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবেই পরিচালিত হতে দিতে হবে। কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা বা নির্বাচনি অর্থায়নের হাতিয়ার হিসেবে ব্যাংক ব্যবহারের সুযোগ থাকা উচিত নয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংককেও সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আর্থিক ও নিয়ন্ত্রক দৃষ্টিভঙ্গি থেকে, রাজনৈতিক বিবেচনায় নয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বর্তমানে দেশের আর্থিক খাত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি খাতে অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সীমান্তে পুশইনের মতো বহুমাত্রিক সমস্যা দেশের সামনে বিদ্যমান।
এমন বাস্তবতায় একটি ব্যাংকের নিয়ন্ত্রণ বা মালিকানা নিয়ে রাজনৈতিক বিতর্কে সময় ব্যয় না করে জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের এই নেতা।
এমআর/এএস




