বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

জামায়াতের ছায়া বাজেটের প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

জামায়াতের ছায়া বাজেটের প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের

জামায়াতে ইসলামীর ছায়া সরকার ও ছায়া বাজেট উদ্যোগের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রশংসা করেন। সেই সঙ্গে তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এতে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর টিমোথি ডাকেট ও দ্বিতীয় সচিব (রাজনৈতিক) কেটি ওয়ার্ড উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


সাক্ষাৎকালে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, অভিবাসন প্রক্রিয়া এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম এবং এ দেশের উন্নয়নে যুক্তরাজ্যের অবদানের প্রশংসা করেন।

অপরদিকে ব্রিটিশ হাইকমিশনার জামায়াতে ইসলামীর ছায়া সরকার ও ছায়া বাজেট উদ্যোগের প্রশংসা এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
 
উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর অংশ নেন।


বিজ্ঞাপন


টিএই/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর