শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে ক্যাপাসিটি চার্জ ও ভর্তুকির নামে অপচয় বন্ধ করে জনগণের ওপর থেকে অতিরিক্ত আর্থিক চাপ কমানোর দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে দলটি কার্যকর অর্থনৈতিক সংস্কার, জবাবদিহিতা এবং উৎপাদনমুখী প্রবৃদ্ধিভিত্তিক জাতীয় বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছে।

শনিবার (৬ জুন) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।


বিজ্ঞাপন


মজিবুর রহমান মঞ্জু বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, ক্যাপাসিটি চার্জ এবং অস্বচ্ছ ভর্তুকি ব্যবস্থার কারণে জনগণকে অযৌক্তিক মূল্যবৃদ্ধির বোঝা বহন করতে হচ্ছে। খাতটির কাঠামোগত সংস্কার ছাড়া এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংস্কার অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রস্তাবিত বাজেটে গণঅভ্যুত্থানের চেতনা, অর্থনৈতিক সংস্কার এবং জনগণের প্রত্যাশার যথাযথ প্রতিফলন নেই। তিনি মনে করেন, আর্থিক খাতের মৌলিক সংস্কার ছাড়া কোনো বাজেটই কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদনশীল অর্থনীতির বিকাশে সরকারকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং প্রথমবারের মতো ফ্ল্যাট বা প্লটের মালিকদের জন্য কর-সুবিধা প্রদানের দাবি জানাই।

সংবাদ সম্মেলনে ইসলামি ব্যাংকের চেয়ারম্যান নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, বিষয়টি নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকারকে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।


বিজ্ঞাপন


এ সময় দলের নেতারা অভিযোগ করেন, বর্তমান বাজেট জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কর্মসংস্থান সংকট, শিক্ষা-স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ এবং খাদ্য নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। তাই অর্থনৈতিক সংস্কার, জবাবদিহিতা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট পুনর্বিবেচনার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর