ঢাকা সিটি করপোরেশনের অতীত মেয়র ও কাউন্সিলরদের কেউই রাজধানীকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করেননি বলে মন্তব্য করেছেন জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
তিনি বলেন, এ কারণে নগরবাসীকে দীর্ঘদিন ধরে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ মে) কুরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের এই সংসদ সদস্যের নেতৃত্বে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় জামায়াত কর্মীরা।
সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ক্লিন ঢাকা-গ্রীন ঢাকা গড়ে তোলা জামায়াতে ইসলামীর অঙ্গীকার। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে সিটি করপোরেশন পরিচালিত হলে ঢাকা বিশ্বের অন্যতম নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।
তিনি আরও বলেন, নগরবাসীর ভোগান্তি নিরসনে জামায়াতে ইসলামীর ব্যাপক পরিকল্পনা রয়েছে। আগামীর ঢাকা হবে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী, যেখানে জলাবদ্ধতা, গ্যাস-বিদ্যুৎ ও নিরাপদ পানির সংকট থাকবে না। পাশাপাশি যত্রতত্র ময়লার স্তূপও দেখা যাবে না।
বিজ্ঞাপন
একটি পরিকল্পিত আধুনিক ঢাকা গড়ে তুলতে নগরবাসীকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বর্জ্য অপসারণ কার্যক্রমে যাত্রাবাড়ী-শ্যামপুর থানা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ যাকীর হুসাইন, ৫১ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিএই/এআরএম




