গরিবের হক কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভুমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
আজ রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
আহমদ আবদুল কাইয়ূম বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। পুরোনো সিন্ডিকেট এখনও বহাল তবিয়তে আছে। তিনি বলেন, কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। অথচ গত কয়েক বছর ধরে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে স্বল্পমূল্যে চামড়া ক্রয় করে এ শিল্পকে ধ্বংস করে দিয়েছে। গরীব এতিমদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাছাড়া কওমী মাদরাসার শিক্ষাখাতে চামড়ার ভূমিকা ব্যাপক। ন্যায্য মূল্য নির্ধারণ করতে না পারায় গরীব, এতিম শ্রেণির অনেক ক্ষতি হলো।
সিন্ডিকেটকে প্রতিহত করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চামড়া শিল্প বাঁচাতে ন্যায্য মূল্য নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান আবদুল কাইয়ূম। বলেন, অন্যথায় গত বছরের মতো লাখ লাখ চামড়া বিনষ্ট হওয়ার মতো ঝুঁকির আশঙ্কা তৈরি হতে পারে এবং দেশের বিপুলসংখ্যক এতিম, গরিব ও নিঃস্ব মানুষ বঞ্চিত হবে।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, পাট শিল্পকে আরো অনেক আগেই ধ্বংস করা হয়েছে বিদেশিদের ইঙ্গিতে। চামড়া শিল্প এ দেশের বিশাল একটি খাত। এ খাতকেও সিন্ডিকেট চক্র শেষ করে দিয়েছে।
এমআর/ক.ম




