ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের ৮ নেতার নামসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
বিজ্ঞাপন
মামলায় আসামি করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আটজনকে।
এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ঘুষি, ইট-পাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় এক লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের চেয়ে বেশি কেউ পারবে না: আসিফ মাহমুদ
এদিকে মামলার পর ঝিনাইদহ সদর থানার প্রধান গেটে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তাঁরা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে এনসিপির নেতাকর্মীরা। সর্বশেষ এই মামলার মাধ্যমে ঘটনাটি আইনি প্রক্রিয়ায় গড়াচ্ছে।
এমআই




