বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

রাজধানীতে ‘মানবতার বক্স’ চালু করল জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

Jamayat
রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজের বিপরীত পাশে বিডিআর মার্কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: ঢাকা মেইল

রাজধানীতে অসহায় ও নিম্নআয়ের মানুষের সহায়তায় ‘মানবতার বক্স’ চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘যার আছে দিয়ে যান, যার লাগবে নিয়ে যান’—এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২০ মে) সকালে রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজের বিপরীত পাশে বিডিআর মার্কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন- জামায়াতের ঢাকা মহানগর উত্তর সিটির আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘রাজধানী ঢাকাকে মানবিক ও জ্ঞানের নগরী হিসেবে গড়ে তুলতে জামায়াত কাজ করে যাচ্ছে। চারশো বছরের পুরোনো ঢাকার মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ পুনরুদ্ধার করে আবারও একটি মানবিক নগর গড়ে তুলতে হবে।’


বিজ্ঞাপন


সেলিম উদ্দিন বলেন, ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নাগরিকদের জন্য নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানবতার বক্সের মাধ্যমে মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন ধরনের সহায়তা পাবেন। এছাড়া ‘নাগরিক সেবা ডট নেট’-এর মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন সহযোগিতা পাওয়ার সুযোগ থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে মানবিকতা আরও শক্তিশালী হবে। কারও জন্য রিজিকের ব্যবস্থা করে দিলে আল্লাহ তার রিজিক আরও বাড়িয়ে দেন উল্লেখ করে তিনি রাজধানীর বিভিন্ন বাজারে এ ধরনের মানবতার বক্স চালু করার পরিকল্পনার কথাও জানান।

আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে সমাজের সামর্থ্যবান মানুষদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।


বিজ্ঞাপন


বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, তুরাগ দক্ষিণ থানা আমির আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, উত্তরখান পূর্ব থানা আমির ইসরাইল হোসেন, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ, কামরুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

টিএই/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর