ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে লড়াই করে বেশ সাড়া ফেলেছিলেন ছাত্রদল নেতা তানভীর বারী হামিম। ব্যতিক্রমী নানা আয়োজন করে দলের ভেতর-বাইরে প্রশংসা কুড়িয়েছিলেন হামিম।
কিন্তু গত রমজানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন করে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। আড়াই মাস পর আবার পদ ফিরে পেলেন ঢাবির কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞাপন
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৪ মার্চ শেখ তানভীর বারী হামিমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি তানভীর বারী হামিমকে শোকজ করে কেন্দ্রীয় ছাত্রদল। শোকজের পর ভিডিও বার্তায় হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
অবশ্য পদ থেকে অব্যাহতি পেলেও সংগঠনে সক্রিয় ছিলেন হামিম। সবশেষ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দিনেও খুব কাছাকাছি দেখা গেছে হামিমকে।
বিইউ/এমআই




