বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

রামিসা হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:৩৩ পিএম

শেয়ার করুন:

ab

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি বলেছে, বিচারহীনতার সংস্কৃতি ও রাষ্ট্রীয় ব্যর্থতার কারণেই সমাজে এমন ভয়াবহ অপরাধ বাড়ছে।

বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রামিসার ওপর চালানো পাশবিক নির্যাতন শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে।


বিজ্ঞাপন


নেতৃদ্বয় বলেন, একটি রাষ্ট্র কতটা নৈতিক, সামাজিক ও মানবিক অবক্ষয়ের দিকে গেলে শিশু পর্যন্ত নিরাপদ থাকে না, রামিসা হত্যাকাণ্ড তারই নির্মম উদাহরণ। দেশে সামাজিকতা, মানবিকতা ও মূল্যবোধের ভয়াবহ পতন ঘটেছে বলেও মন্তব্য করেন তারা।

তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় ব্যর্থতা সমাজকে এমন এক অন্ধকার বাস্তবতায় ঠেলে দিয়েছে, যেখানে ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধও অনেকের কাছে স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন সমাজে মানবিকতার পরিবর্তে পশুত্বই প্রাধান্য পায়।

বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, রামিসার পিতা নিজেই আক্ষেপ করে বলেছেন তিনি ন্যায়বিচার পাবেন না। এই হতাশা শুধু একজন শোকাহত পিতার নয়, বরং দেশের কোটি মানুষের দীর্ঘদিনের বিচারহীনতার অভিজ্ঞতার প্রতিফলন। বারবার অপরাধ সংঘটিত হলেও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তারা।

এবি পার্টির নেতারা বলেন, কেবল ঘটনার পর শোক প্রকাশ, দায়সারা গ্রেফতার বা সাময়িক তৎপরতা যথেষ্ট নয়। অপরাধ ও বিচারহীনতার রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটাতে হবে। শিশু ও নারী নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কঠোর, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


বিজ্ঞাপন


তারা আরও বলেন, অপরাধীর রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামাজিক পরিচয় নয়, তার অপরাধই যেন বিচারের একমাত্র ভিত্তি হয়।

বিবৃতিতে অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। 

একইসঙ্গে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতন নাগরিক, রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর