বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই: মুজিবুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই: মুজিবুর রহমান

বাজেট আসে বাজেট যায়, কিন্তু কোনো পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন,  দীর্ঘ সময় ধরে বাজেট পর্যবেক্ষণ করলেও এর কাঠামোয় কোনো মৌলিক পরিবর্তন দেখা যায়নি। বাজেটের কার্যকারিতা নির্ভর করে অর্থনৈতিক কর্মকাণ্ডের নৈতিক ভিত্তির ওপর। তার মতে, নৈতিকতা ছাড়া জাতীয় বাজেটের মাধ্যমে কাঙ্ক্ষিত কল্যাণ অর্জন সম্ভব নয়।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘শিক্ষা খাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক প্রাক-বাজেট সংলাপে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী, গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, দেওয়ান সালাহ উদ্দিন বাবু এমপি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, সাইফুল আলম খান মিলন এমপি, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, ব্যারিস্টার নাজিব মোমেন এমপি, প্রকৌশলী মারদিয়া মমতাজ এমপি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম ওয়ারেসুল করিম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে বক্তারা শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষার গুরুত্ব এবং একটি সমন্বিত জাতীয় শিক্ষানীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ তুলে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাজেট এলেই জনগণের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় বাজেট প্রণয়ন করতে হবে। দেশের জন্য এখন প্রয়োজন শুধু সংখ্যাগত শিক্ষা নয়, বরং মানসম্মত শিক্ষা। শিক্ষাব্যবস্থায় নৈতিক ও আদর্শিক ভিত্তি জোরদার করার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি আরো বলেন, প্রত্যেক মানুষের মৌলিক জ্ঞান থাকা জরুরি এবং শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তা নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরি করে।

অনুষ্ঠানে প্রকৌশলী মারদিয়া মমতাজ এমপি বলেন, প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে বলা হলেও বাস্তবে শিক্ষার্থীদের জন্য নানা ধরনের অতিরিক্ত খরচ থাকে।

তিনি আরো বলেন, শিক্ষা শুধু পাঠ্যবই ও ফি-নির্ভর না করে বাস্তবমুখী ও কর্মমুখী হওয়া উচিত। বৃত্তিমূলক শিক্ষা ও মূলধারার শিক্ষার মধ্যে সমন্বয় না থাকায় শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। এই দুই ধারাকে একীভূত করে প্রতিটি শিক্ষার্থীকে দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে।


বিজ্ঞাপন


অধ্যাপক ড. মো. আব্দুর রব বলেন, দেশের শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের তুলনায় বরাদ্দ খুবই কম, যা আন্তর্জাতিক মানের তুলনায় অনেক পিছিয়ে। তিনি শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে অন্তত ২০ শতাংশ করার দাবি জানান।

তিনি আরো বলেন, দক্ষ ও মেধাবী জনশক্তি দেশে ধরে রাখতে হলে শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের জন্য উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি অভিযোগ করেন, শিক্ষাখাতে দলীয় প্রভাব ও নিয়োগ প্রক্রিয়ার দুর্বলতা পুরো ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। একটি সমন্বিত ও বাস্তবসম্মত জাতীয় শিক্ষানীতি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের শিক্ষাব্যবস্থা এখনও ঔপনিবেশিক ধ্যানধারণার প্রভাব থেকে বের হতে পারেনি। তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা নৈতিক মানুষ তৈরি করতে ব্যর্থ হচ্ছে এবং দক্ষ জনশক্তিও যথাযথভাবে তৈরি করতে পারছে না, যার ফলে বেকারত্ব ও সামাজিক সমস্যা বাড়ছে।

তিনি আরো বলেন, শিক্ষকদের বেতন কাঠামো প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম, যা মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বড় বাধা।

খলিলুর রহমান মাদানী বলেন, নৈতিক ও আদর্শভিত্তিক শিক্ষা ছাড়া সমাজে স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, শিক্ষা খাতকে ব্যয় হিসেবে না দেখে বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে, যাতে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা যায়।

অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেন, শিক্ষা মানুষের সক্ষমতা বাড়ায়, তবে এর সঙ্গে নৈতিকতার সমন্বয় না থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা নিয়েও মত দেন এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বক্তারা সামগ্রিকভাবে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মানসম্মত ও নৈতিক শিক্ষা নিশ্চিতকরণ, কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ এবং একটি কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর