দেশে হামের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
তিনি বলেন, হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে শত শত শিশুর মৃত্যুকে খাটো করে দেখার সুযোগ নেই। যাদের অবহেলা ও ব্যর্থতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা শাখার তৃণমূল দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, হামে আক্রান্ত হয়ে অসংখ্য মায়ের কোল খালি হচ্ছে, এর দায় রাষ্ট্র এড়াতে পারে না। স্বাস্থ্যখাতে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। শিশুদের টিকার আওতায় আনতে সরকারের ব্যর্থতার কারণেই এ হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি অভিযোগ করেন, এখনো দেশের বিভিন্ন এলাকায় শিশুরা প্রয়োজনীয় টিকা পাচ্ছে না। গ্রাম ও শহরের মধ্যে টিকা প্রাপ্তিতে বৈষম্য রয়েছে। এছাড়া হাম প্রতিরোধে সরকারিভাবে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা, আইসিইউ সেবা ও জরুরি স্বাস্থ্য কার্যক্রমেও ঘাটতি রয়েছে।
সভায় তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। একদিকে স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা, অন্যদিকে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে সরকারের বিরুদ্ধে জনরোষ আরও তীব্র হবে।
বিজ্ঞাপন
মুগদা থানা সংলগ্ন একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুগদা থানা সভাপতি হাজী মোহাম্মদ হানিফ শিকদার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ডা. মো. সাইফুর রহমান।
সভায় আরও বক্তব্য দেন মুগদা থানা সহসভাপতি মাওলানা মোস্তফা কামাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ জানে আলম সোহেল ও জয়েন্ট সেক্রেটারি আবুল কাশেমসহ অন্যান্য নেতারা।
পরে ভয়াবহ হামের প্রাদুর্ভাব থেকে দেশবাসীর সুরক্ষা এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এমআর/এএইচ




