দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ জয়কে জাতির জন্য গর্ব ও আনন্দের বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১২ মে) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তিনি, তার দল এবং দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১০৪ রানের এই গৌরবময় বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
মিয়া গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে। তিনি আরও বলেন, জাতীয় দলের এই সাফল্য দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলায় এ ধরনের অর্জন তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।
ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দল সাফল্যের এই ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
টিএই/এআর




