মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

সিন্ডিকেট চাঁদাবাজির কারণে বাজারে অস্থিরতা: জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ১১:০৭ এএম

শেয়ার করুন:

সিন্ডিকেট চাঁদাবাজির কারণে বাজারে অস্থিরতা: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে দেশের বাজারব্যবস্থা অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।  ডা. শফিকুর রহমান বলেন, কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।


বিজ্ঞাপন


তিনি বলেন, বাজারে অসাধু চক্রের দৌরাত্ম্যের কারণে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের তৎপরতায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

তিনি বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকাল ৬টায় কাঁচাবাজার পরিদর্শনে যান ডা. শফিকুর রহমান। বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।


বিজ্ঞাপন


টিএই/এমআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর