শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

ইশতেহার বাস্তবায়নে সংগ্রামে নামতে হবে, নেতাকর্মীদের তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

ইশতেহার বাস্তবায়নে সংগ্রামে নামতে হবে, নেতাকর্মীদের তারেক রহমান
বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে। তিনি বলেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো মানুষকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন।

তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলের নেতাকর্মীরা মাঠে ছিলেন। নির্বাচন কঠিন হবে বলে আগেই তিনি সতর্ক করেছিলেন। নেতাকর্মীরা তা উপলব্ধি করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মানুষ বিএনপি ও দলের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনের আগে এটি ছিল বিএনপির ইশতেহার। সরকার গঠনের পর সেটি এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। দেশের ৫২ শতাংশ মানুষ এ ইশতেহারের পক্ষে রায় দিয়েছেন। তাই এতে উল্লেখ করা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমন একটি দেশ গড়ার কথা বলা হয়েছিল, যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে এবং নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে।


বিজ্ঞাপন


তারেক রহমান বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। বিএনপি এমন একটি রাজনৈতিক পরিবেশ চায়, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ ও বিতর্ক করতে পারবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার বিএনপির সরকার। তাই বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।

সকাল পৌনে ১১টায় কেআইবি মিলনায়তনে দিনব্যাপী রুদ্ধদ্বার এ মতবিনিময় সভা শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর