শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

শপথের দিনই বিএনপি জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৮:২০ এএম

শেয়ার করুন:

শপথের দিনই বিএনপি জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, বিএনপি শপথ গ্রহণের দিনই জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে। তার দাবি, দলটি ক্ষমতায় এসেই জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে তা উপেক্ষা করেছে এবং গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে প্রতারণা করেছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাগপায় যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


জাগপা সহসভাপতি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এবং ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ রায়ের প্রতিফলন নিশ্চিত না করা হলে জাগপা আরও একটি ৫ আগস্টের মতো আন্দোলনের জন্য প্রস্তুতি নেবে।

রাশেদ প্রধান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দেওয়া বক্তব্যে ইঙ্গিত করেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যেই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছিল। এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় যে বিএনপির সনদ বাস্তবায়নে আন্তরিকতা ছিল না।

তিনি আরও বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব যখন নির্বাচনী প্রচারণায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বক্তব্য দিয়েছেন, তা ছিল জনমত প্রভাবিত করার চেষ্টা। ক্ষমতায় আসার পর তাদের প্রথম দায়িত্ব ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়ন করা, যা তারা করেনি।

রাশেদ প্রধান আরও বলেন, বিএনপি এখন বলছে তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু কোন অক্ষর বাস্তবায়ন করবে। আমরা ভারতের শেখানো অক্ষর চিনি না, বিএনপির গুলশান অফিসের অক্ষরও চিনি না। আমরা গণভোটে জনগণের দেওয়া ৭০ শতাংশ হ্যাঁ-এর রায়ের অক্ষর চিনি।


বিজ্ঞাপন


তিনি অভিযোগ করেন, বিএনপি শপথ গ্রহণের দিনই জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে। তারা শহীদ পরিবার, জুলাই যোদ্ধা এবং গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে প্রতারণা করেছে। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পাশাপাশি বাংলাদেশে ভারতীয় আধিপত্যেরও অবসান ঘটেছিল। তবে পরবর্তীতে একটি ‘ম্যানেজড ভোট’ এর মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় এসেছে বলে তিনি দাবি করেন।

রাশেদ প্রধান আরও বলেন, বর্তমান সরকারের আচরণ দেখে মনে হচ্ছে আগের সরকারের অসমাপ্ত কাজগুলোই তারা সম্পন্ন করছে। যদি তারা সত্যিই গণঅভ্যুত্থানের পক্ষের হতো, তাহলে শপথের দিনই সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।

এএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর