পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মুসলমানদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধর্মীয় বিদ্বেষমূলক কর্মকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিজ্ঞাপন
বিবৃতিতে নেতারা বলেন, ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয়কে কেন্দ্র করে নিরীহ মানুষের জানমাল, উপাসনালয় ও ব্যবসা-প্রতিষ্ঠানের ওপর হামলা মানবতা, ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী। এ ধরনের সহিংসতা শুধু একটি সম্প্রদায় নয়, পুরো অঞ্চলের শান্তি, সহাবস্থান ও সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
তারা আরও বলেন, পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা প্রয়োজন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানায়। পাশাপাশি কোনো ধরনের উসকানি, বিদ্বেষ ও সহিংসতা মানবিক সমাজ গঠনের পথে অন্তরায় বলে মন্তব্য করা হয়।
বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, শান্তিকামী মানুষ ও গণমাধ্যমকে বিষয়টি নিয়ে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানানো হয়, যাতে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
বিজ্ঞাপন
এমআর/এএস




