বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে: সাইফুল হক

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠন করলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বাংলাদেশের তিন দিকে ভারত সীমান্তে বিজেপি সরকার থাকায় ভবিষ্যতে সীমান্তবর্তী এলাকায় পরিকল্পিত উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টির শঙ্কা রয়েছে।
 
বুধবার (৬ মে) রাজধানীর সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় সাইফুল হক এসব বলেন।
 
সাইফুল হক বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় গেলে মুসলমান সম্প্রদায়সহ ভোটাধিকার থেকে বঞ্চিত প্রায় এক কোটি মানুষ নানা ধরনের নিপীড়নের শিকার হতে পারে। পাশাপাশি তাদের একটি অংশকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে পুশ-ইন করার অপতৎপরতার আশঙ্কাও রয়েছে।
 
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষকে উসকে দিয়ে হিংসা ও ঘৃণার পরিবেশ তৈরি করছে। উগ্র সাম্প্রদায়িক মেরুকরণ দলটির প্রধান রাজনৈতিক কৌশল হওয়ায় সেখানে নিয়মিত উত্তেজনা সৃষ্টির ঝুঁকি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
 
পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত নির্বাচন প্রসঙ্গে সাইফুল হক বলেন, এ নির্বাচন ভারতের নির্বাচনি গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতাকে তলানিতে নামিয়ে এনেছে। রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে বিপুলসংখ্যক মানুষকে নির্বাচনের বাইরে রেখে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা ভারতের ইতিহাসে নজিরবিহীন ও লজ্জাজনক।
 
সাইফুল হকের মতে, পশ্চিমবঙ্গসহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে নবনির্বাচিত বিজেপি নেতাদের বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষী উত্তেজনাকর বক্তব্য পরিহার করা উচিত। 
 
সভায় আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, ইমরান হোসেন সরকার, এম ডি ফিরোজ, মামুন উদ্দিন সৈকত ও নাজমুল হোসেন।
 
এএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর