বিদ্যুতের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তোলা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ইউনুস আহমদ বলেন, দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ ইতোমধ্যে চরম আর্থিক চাপে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বেড়েছে, কিন্তু মানুষের আয় সে অনুপাতে বাড়েনি। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন করে সংকট তৈরি করবে।
তিনি বলেন, বিদ্যুৎ খাতে পদ্ধতিগত অপচয় ও নীতিগত ভুলের কারণে সরকারের ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। এই ব্যর্থতার দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ খাতে নীতিগত সংস্কার করতে হবে এবং ব্যবস্থাপনাগত দুর্বলতা দূর করতে হবে। একইসঙ্গে রাজস্ব আদায় বাড়িয়ে সরকারের আয় বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, নুরুল করীম আকরাম, মনসুর আহমদ সাকী, লোকমান হোসাইন জাফরী, মুফতি নুরুন্নবী, কেএম শরীয়াতুল্লাহ, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতীফ এবং শেখ ফজলুল করীম মারুফ।
বিজ্ঞাপন
এমআর/এএইচ




