শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

শ্রমিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবি চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

শ্রমিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবি চরমোনাই পীরের
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

রাষ্ট্রীয়ভাবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জন্য সুনির্দিষ্ট কল্যাণব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই শ্রমিকরা বঞ্চনা ও নির্যাতনের শিকার, তাই রাষ্ট্রের দায়িত্ব তাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা।

বৃহস্পতিবার (১ মে) ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি প্রস্তাব করেন, শ্রমিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে একটি পরিচয়পত্র বা কার্ড চালু করা উচিত, যার মাধ্যমে তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের মতো মৌলিক সুবিধা নিশ্চিত করা যাবে। তার মতে, সমাজের অন্যান্য শ্রেণির মতো শ্রমিকদেরও রাষ্ট্রীয় সুরক্ষার আওতায় আনা জরুরি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ইসলামের স্বার্থে তাদের দল কোনো আপস করেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় স্বচ্ছ ও প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, অন্যরা গোপন সমঝোতায় লিপ্ত হলেও তারা নীতিগত অবস্থান থেকে সরে আসেনি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, সংসদে পুরোনো বিতর্ক উসকে দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের স্পষ্ট করতে হবে—তারা শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থার পক্ষে, নাকি প্রচলিত ব্যবস্থার পক্ষে।

তিনি আরও অভিযোগ করেন, বিগত নির্বাচন ছিল সমঝোতা ও ভাগাভাগির নির্বাচন, যার ফলে বিরোধী দলগুলো তাদের অবস্থান নির্ধারণে বিভ্রান্ত। ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাদের দলকে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।


বিজ্ঞাপন


শিক্ষাখাতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসা থেকে শিক্ষক নিয়োগের দাবি জানান। পাশাপাশি দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরির অভিযোগ তুলে তা বন্ধের আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের অন্যান্য নেতারাও। প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শরিয়াহভিত্তিক নীতিতে তারা নির্বাচনে অংশ নিয়েছেন এবং এ বিষয়ে কোনো আপস করেননি। সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান।

সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, আনুষ্ঠানিকভাবে শ্রমিক দিবস পালিত হলেও শ্রমিকদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর