শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

কানায় কানায় পূর্ণ নয়াপল্টন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

Bnp dhakamail
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে উপচে পড়া ভিড়, পুরো এলাকা এখন কানায় কানায় পূর্ণ। ছবি: ঢাকা মেইল

মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে জনস্রোত। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে উপচে পড়া ভিড়, পুরো এলাকা এখন কানায় কানায় পূর্ণ। অপেক্ষা এখন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের মঞ্চে ওঠার।

শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্যে দেন শ্রমিক দলনেতা আব্দুল্লাহ আল মামুন।


বিজ্ঞাপন


বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলা ও শিল্পাঞ্চল থেকে নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা ভরে যায় মানুষের ঢলে।

664479375_973498385208227_1558651559284225990_n

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বড় মঞ্চ, উন্নত সাউন্ড সিস্টেমসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাবেশস্থলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সেখানে লাল কার্পেট বিছানো হয়েছে এবং স্থাপন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি।

677003890_26919546664374021_9129223797694063105_n

আয়োজকরা জানিয়েছেন, ফকিরাপুল, পল্টন ও কাকরাইল এলাকায় দেড় শতাধিক মাইক বসানো হয়েছে, যাতে সমাবেশের বক্তব্য চারপাশে পৌঁছে যায়।

দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর দেশে ফেরার পর এই প্রথম বড় শ্রমিক সমাবেশে যোগ দিচ্ছেন তারেক রহমান। তাই সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে রয়েছে বাড়তি উৎসাহ।

লাল টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে সকাল থেকেই মিছিল করতে করতে সমাবেশস্থলে আসতে দেখা গেছে অংশগ্রহণকারীদের। এখন সবার দৃষ্টি মঞ্চের দিকে-কখন আসবেন প্রধান অতিথি, সেই প্রতীক্ষায় পুরো নয়াপল্টন।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর