বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফরিদপুরে তিনজনকে হত্যার ঘটনায় কঠোর শাস্তি দাবি জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

jamat

ফরিদপুরে তিনজনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে সারা দেশে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ, দুঃখ ও শোক প্রকাশ করেছে দলটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা জানান। বিবৃতিতে তিনি বলেন, ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের হামলায় তার দাদি, ফুপু ও এক প্রতিবেশীর নিহত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক। 


বিজ্ঞাপন


এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই ঘটনার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। 

এছাড়া সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় দুজন, নোয়াখালীর কবিরহাটে এক যুবক এবং চট্টগ্রামের লোহাগাড়ায় তিন বৌদ্ধ সন্ন্যাসীর মৃত্যু অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক বলে উল্লেখ করেন সহকারী সেক্রেটারি জেনারেল।

এহসানুল মাহবুব বলেন, এসব ঘটনা দেশের সড়ক ব্যবস্থাপনায় বিদ্যমান দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। দুর্ঘটনা রোধে যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, অবৈধ যান চলাচল বন্ধ এবং কার্যকর নজরদারি বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলেন।

বিবৃতিতে বজ্রপাতে প্রাণহানির ঘটনাও তুলে ধরা হয়। নোয়াখালীর তিন উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজন এবং কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী এলাকায় একজনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। এসব ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের জন্য দোয়া কামনা করেন তিনি।


বিজ্ঞাপন


এহসানুল মাহবুব বলেন, মৌসুমি আবহাওয়ার কারণে সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বেড়েছে। এ অবস্থায় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি সরকারকে বজ্রপাতপ্রবণ এলাকায় প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। বিশেষ করে কৃষিজমিতে বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

জামায়াত নেতা বলেন, হত্যাকাণ্ড, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির এসব ঘটনা সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ন্যায়বিচার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা দিতে  সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

টিএই/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর