প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুলের ইসলাম প্রশ্ন করেন মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি, দেশে দীর্ঘদিন ধরে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা পরিচালিত জনআকাঙক্ষা পূরণ হচ্ছে না। তাই স্থানীয় সরকার নির্বাচন কখন অনুষ্ঠিত হবে?
জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে।
দেশে এখন ইউনিয়ন পরিষদ আছে ৪ হাজার ৫৮০টি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক ইউপি চেয়ারম্যান পালিয়ে যান। তখন ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় দেড় হাজার ইউনিয়নে চেয়ারম্যানরা আত্মগোপনে চলে যান। তারা আর অফিসে আসেননি। তাদের অনেকের নামে হত্যা মামলা হয়। বাকি তিন হাজারের কিছু বেশি ইউপি চেয়ারম্যান নিয়মিত অফিস করছেন।
যেসব ইউনিয়নে চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন, সেখানে প্রশাসক নিয়োগ দেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তী সরকার। আবার কোথাও চেয়ারম্যান দায়িত্ব পালন করে আসছেন, কোথাও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করে আসছেন।
বিজ্ঞাপন
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের সব ইউনিয়ন পরিষদে কতজন চেয়ারম্যান, কতজন প্যানেল চেয়ারম্যান ও কতজন প্রশাসক দায়িত্ব পালন করছেন, তা জানতে চেয়ে ডিসিদের চিঠি পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আজ সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। ধাপে ধাপে অনুষ্ঠানে সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময়ের প্রয়োজন হয়।
নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুত, ভোটের সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আওহাওয়া, কেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ ইত্যাদি বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করতে হয় বলে জানান মির্জা ফখরুল।
এমএইচএইচ/এমআর




