ক্ষমতায় গিয়ে গণভোট ইস্যুতে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্য আন্দোলন চালিয়ে যাবে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সমাবেশে শফিকুর রহমান বলেন, দেশে কোনো একক দলীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বরদাশত করা হবে না। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথ—উভয় জায়গায় আন্দোলন চলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, আর সে কারণেই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।
একই সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সভাপতির বক্তব্যে বিগত রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি সরকারের নীতিগত ব্যর্থতার কারণে জ্বালানি সংকটসহ নানা সমস্যা তীব্র হচ্ছে বলেও মন্তব্য করেন।
আরও পড়ুন: সংসদ থেকে লোডশেডিং শুরু করার আহ্বান বিরোধী দলীয় নেতার
এছাড়া সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে রাজনৈতিকভাবে চরম মূল্য দিতে হবে। প্রয়োজনে সংসদ ও রাজপথে একযোগে আন্দোলন চলবে বলেও ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
তীব্র গরম উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো নেতাকর্মী সমাবেশে যোগ দেন। একই মঞ্চে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেন।
সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে আগামী ৯০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
এআর




