সততা ও জবাবদিহিতাভিত্তিক রাজনীতির পরিবেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজনৈতিক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী মারদিয়া মমতাজ।
তিনি জানিয়েছেন, সামনে এগিয়ে যাওয়ার পথই এখন একমাত্র লক্ষ্য, পেছনে ফেরার সুযোগ নেই।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এসব কথা লিখেছেন মারদিয়া মমতাজ।
তিনি জানান, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন।
পোস্টে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যাকে চান, তাকে দিয়ে, তিনি যা চান, যেভাবে চান, করিয়ে নেন।
মারদিয়া বলেন, ‘চব্বিশ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো মৌলিক পরিবর্তন এসেছে, যার একটি হচ্ছে বটম-আপ পদ্ধতিতে রাজনৈতিক দল কিংবা সরকারের সিদ্ধান্ত গ্রহণ, কৈফিয়ত দেখা যাচ্ছে। এর আগে বহুদিন সুস্থ রাজনীতির চর্চা ছিল না। তারও আগে এই ধারণাই ছিল না।’
বিজ্ঞাপন
অতীতে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ঘাটতির কথাও তুলে ধরেন তিনি। মারদিয়া বলেন, এই ‘খুন-সিক্ত জমিনে’ সততা ও জবাবদিহিতার রাজনীতির বাতাস প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কাজ করে যাওয়ার ওয়াদা করছি।
শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আমাদের রক্তে আবু সাঈদ, আমাদের মুষ্টিবদ্ধ হাতে ওসমান হাদি আর আমাদের আইডি কার্ডে সতেরোশোর অধিক শহীদের নাম ছাপা হয়ে গেছে। সামনে আজাদি, না হয় সংগ্রাম। আমাদের পেছনে ফেরার পথ বন্ধ।
উল্লেখ্য, প্রকৌশলী মারদিয়া মমতাজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।
এমআর/এএইচ




