শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা প্রীতির

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন প্রীতি
দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটিতে নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।

আজ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পাঠানো পদত্যাগপত্রও তিনি পোস্টে সংযুক্ত করেন।


বিজ্ঞাপন


প্রীতি এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক এবং জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সিদ্ধান্তের পর তিনি এনসিপিতে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দেন। এরপর থেকে তাকে দলীয় কার্যক্রমে সক্রিয় দেখা যায়নি।

শনিবার এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেখানে যুগ্ম সদস্যসচিব হিসেবে প্রীতির নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে পরে তিনি জানান, ওই কমিটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

ফেসবুক পোস্টে প্রীতি জানান, নির্বাচনের আগে তিনি এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে নারীশক্তির কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত হন তিনি। তিনি আরও জানান, এনসিপিসহ দলের সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন, এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা রেখেই তিনি দলে যুক্ত হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে দলের কার্যক্রমে সেই লক্ষ্য ও প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। এ কারণে সাধারণ মানুষের প্রত্যাশা ভঙ্গের পরিস্থিতিতে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছেন এবং ভবিষ্যতে দলের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন না।


বিজ্ঞাপন


গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আত্মপ্রকাশ করে জাতীয় নারীশক্তি। তখন সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব হিসেবে মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়। পরে শনিবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। নুসরাত তাবাসসুমও আগে এনসিপিতে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিলেও পরবর্তীতে দলে ফিরে সক্রিয় হন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর