শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজনীতিতে কুরুচিপূর্ণ ভাষা ও সহিংসতা বন্ধের আহ্বান এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম

শেয়ার করুন:

রাজনীতিতে কুরুচিপূর্ণ ভাষা ও সহিংসতা বন্ধের আহ্বান এবি পার্টির
রাজনীতিতে কুরুচিপূর্ণ ভাষা ও সহিংসতা বন্ধের আহ্বান এবি পার্টির

দেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিপক্ষকে গালিগালাজ, কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার এবং উগ্র-হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সম্প্রতি জাগপা মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং এর পরিপ্রেক্ষিতে বিএনপির ক্ষুব্ধ অংশের সহিংস প্রতিক্রিয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (১৮ এপ্রিল) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে ভদ্রতা ও সৌজন্যের সীমা লঙ্ঘন করেন। পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার ফলে শুধু অশালীন বাগযুদ্ধই নয়, অনেক ক্ষেত্রে তা সংঘাত-সংঘর্ষের দিকেও গড়ায়। তিনি এসব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন।


বিজ্ঞাপন


এবি পার্টির চেয়ারম্যান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা গুজব, আপত্তিকর কার্টুন, ফটোকার্ড এবং এআই-নির্ভর বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার একটি অনৈতিক ও বিষাক্ত প্রতিযোগিতা চলছে। এই অশালীন তৎপরতা থেকে নেতৃবৃন্দের সন্তান ও পরিবারের সদস্যরাও রেহাই পাচ্ছেন না।

প্রধানমন্ত্রীকে নিয়ে রাশেদ প্রধানের সাম্প্রতিক অসৌজন্যমূলক বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ প্রসঙ্গে মঞ্জু বলেন, জাতীয় নেতৃবৃন্দের উচিত ভাষা ব্যবহারে সংযম ও উত্তেজনার ভারসাম্য বজায় রাখা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ওই বক্তব্যকে কেন্দ্র করে সরকারদলীয় নেতাকর্মীদের মব তৈরি করা, তার বাসভবনের সামনে জড়ো হয়ে ভয়ভীতি প্রদর্শন, হামলার চেষ্টা এবং তার ব্যক্তিগত সহকারীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এ ঘটনার ধারাবাহিকতায় জাগপার পঞ্চগড় জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনা উগ্র প্রতিক্রিয়াশীলতা এবং ভিন্নমত দমনের বিপজ্জনক প্রবণতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


বিবৃতিতে সংশ্লিষ্ট সকল ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে অরাজনৈতিক ভাষা ব্যবহার ও সহিংস প্রতিক্রিয়াশীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর