গাজীপুরের শ্রীপুরে মসজিদের ইমাম মাওলানা হাদিউল ইসলামের মেয়েকে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, এ ধরনের জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা শুধু একটি পরিবারের ওপর নয়, বরং পুরো সমাজের নিরাপত্তা ও নৈতিকতার ওপর আঘাত হানে।
শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ উদ্বেগ ও নিন্দা জানান।
বিজ্ঞাপন
বিবৃতিতে তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান, অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং অপহৃত মেয়েটিকে নিরাপদে উদ্ধারের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নেতারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায় এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় থাকে।
তারা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধান নিশ্চিত করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এমআর/ক.ম




