বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এখন সবচেয়ে বড় প্রয়োজন আগামী নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার। দেশের সকল নাগরিকদের এখন নির্বাচন কালীন নিরপেক্ষ সরকারের ওপর জোর দেয়া প্রয়োজন।
তিনি বলেন, `দেশে এখন দুটি জিনিস প্রয়োজন একটি হলো হাসিনার পরিবর্তে কেয়ারটেকার সরকার আর অপরটি হচ্ছে ইভিএম এর পরিবর্তে ব্যালটপেপার।'
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন প্রসঙ্গে খসরু বলেন, নির্বাচন কমিশন নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এটা হচ্ছে একটা ভোট চুরির প্রকৃয়া। এটার প্রধান চোর আছে, আবার এর সহযোগিতায়ও চোর রয়েছে। সুতরাং আওয়ামী লীগের এই দলীয় নির্বাচন কমিশন হচ্ছে `চোরের' সহযোগী সংগঠন।
তিনি বলেন, এই চোরের সহযোগী সংগঠন নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আসল চোরকে ধরতে হবে। বাংলাদেশে ভোট চুরির মাধ্যমে যারা জোরকরে ক্ষমতায় বসে আছে তারা হচ্ছে প্রধান চোর। এই চোরদেরকে ধরতে হবে। সময় এসে গেছে। চোর ধরলে সহযোগী চোর যারা রয়েছে তারা এমনি ধরা পরবে।
বিএনপির এই নেতা বলেন, ইতোমধ্যে বাইরের দেশ থেকে নিষেধাজ্ঞা আসছে, নিষেধাজ্ঞা আসার অর্থ হচ্ছে তারা চোর এবং তাদের সহযোগীদের চিহ্নিত করেছে। বিদেশিরা যদি চোর এবং চোরের সহযোগীদের চিহ্নিত করতে পারে। আপনারা এমন বোকা হবেন না যে বাংলাদেশ মানুষ এটা চিহ্নিত করতে পারবে না।
তিনি বলেন, উন্নয়নের ধোঁয়া তুলে মানুষের চোখে ধুলা দিতে পারবেন না। আপনাদের উন্নয়ন চরম দুর্নীতির একটি টুল মাত্র। উন্নয়নটা হচ্ছে একটি বড় চুরি, সেই চুরির মাধ্যমে আপনারা বাংলাদেশের তহবিল খালি করে ফেলছেন। সেই উন্নয়নে প্রতিনিয়ত বিদুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল এবং উচ্চ দ্রব্যমূল্যের মাধ্যমে বাংলাদেশের মানুষের পকেট থেকে টাকা নিচ্ছেন। যেই উন্নয়নের কথা বলছেন সেটা হচ্ছে আপনাদের পকেটের উন্নয়ন।
খসরু বলেন, দেশের মানুষ বিসিবির পণ্যের জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে তবুও তারা পণ্য পায়না। আপনাদের (সরকার) উন্নয়নের স্বীকার হচ্ছে বাংলাদেশের মানুষ। আর উন্নয়নের উপকার ভোগ করেছেন আপনারা, আর আপনাদের ভোর চুরির সাথে যারা জড়িত তারা। আপনাদের এই উন্নয়নের স্বীকার হচ্ছে সাধারণ মানুষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও তাতীঁ দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
এমই /একেবি




