বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

এলাকায় মুখ দেখাতে পারি না, মানুষ আমাকে বেঁধে রাখবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৫ এএম

শেয়ার করুন:

hasnat
জাতীয় সংসদে কথা বলছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি- সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বললেন, এলাকায় তিনি মুখ দেখাতে পারেন না। এখন সেখানে গেলে মানুষ নাকি তাকে বেঁধে রাখবে। 

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর ফ্লোর নিয়ে নিজের বক্তব্যে তিনি এমনই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


কুমিল্লা–সিলেট মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়ে সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়ে হাসনাত মন্তব্যটি করেন। তার ভাষায়, ‘আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকায় গেলে মানুষ আমাকে এখন বেঁধে রাখবে।’

তিনি বলেন, ‘আমি ভিক্ষা চাই, এই সংসদের কাছে, এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন, যা ১০ লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে।’

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ জানান, তিনি কথা বলার কিছুক্ষণ আগেই ওই সড়কে তিনজন নিহত হয়েছেন। চলতি মাসেই এই মহাসড়কে ২৩ জনের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন এনসিপির এই তরুণ এমপি।

তিনি বলেন, কুমিল্লা–সিলেট মহাসড়কের প্রস্থ মাত্র ১৮ ফুট, যা দুই বিভাগীয় শহরকে যুক্ত করা সড়কের জন্য অস্বাভাবিকভাবে সংকীর্ণ। চট্টগ্রাম থেকে সিলেট যাতায়াতের জন্য এটিই প্রধান সড়ক এবং প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ এটি ব্যবহার করেন।


বিজ্ঞাপন


সড়কটি ছয় লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে কাজ এগোয়নি বলে অভিযোগ করেন হাসনাত। সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বললে প্রশাসনিক জটিলতার কথা জানানো হয় বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল হাসনাতকে নির্ধারিত বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘সেটিই সবচেয়ে যথাযথ উপায় হবে।’

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর