সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

সরকারের ঘাড়ে ‘শেখ হাসিনার ভূত’ চেপেছে: মামুনুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

সরকারের ঘাড়ে ‘শেখ হাসিনার ভূত’ চেপেছে: মামুনুল হক
খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের ওপর ‘শেখ হাসিনার ভূত’ সওয়ার হয়েছে।  তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা যেভাবে জনগণকে অবজ্ঞা ও অপমান করে ক্ষমতা হারিয়েছেন, বর্তমান ক্ষমতার বলয়ে থাকা ব্যক্তিরা এবং বিএনপিও সেই একই পথে হাঁটছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমল ছিল এদেশের জনগণকে নিয়ে উপহাস করা। তিনি উন্নয়নের দোহাই দিয়ে গণতন্ত্রের নতুন সংজ্ঞা দিয়েছিলেন, যেখানে জনগণের মতামতের কোনো তোয়াক্কা করা হয়নি। ছাত্র-জনতাকে 'রাজাকারের নাতিপুতি' বলে অপমান করার মাধ্যমেই পতনের কফিন তৈরি হয়। কিন্তু দুঃখের বিষয়, সেই একই 'জনগণকে অপমান করার ভূত' এখন বিএনপির ঘাড়ে।

বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, জনগণের সার্বভৌমত্বের সমান্তরালে তারা সংসদের সার্বভৌমত্বকে দাঁড় করাতে চাচ্ছে। তারা জনগণকে ‘মূর্খ’ সাব্যস্ত করছে এবং মাস্টার সেজে সংবিধান শেখাতে চাচ্ছে। ক্ষমতার দম্ভের একটা সীমা থাকা উচিত। আপনারা জনগণকে অপমান করছেন, এই পথ আপনাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে।

শেখ হাসিনা আজ গাধার মতো ভূমিকা পালন করে সীমান্তের ওপারে গিয়ে পড়েছেন। বিএনপিকে সেই শেয়ালের মতো বুদ্ধিমত্তা দেখিয়ে শিক্ষা নিতে হবে। অন্যথায় তাদের পরিণতিও ভিন্ন কিছু হবে না।


বিজ্ঞাপন


মামুনুল হক আরও বলেন, ক্ষমতার মসনদে বসলে ইঁদুরও নিজেকে সিংহ মনে করে। আজ বিএনপির অবস্থা দেখেও তাই মনে হচ্ছে। তারা জনগণকে ইঁদুর ভাবছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, জনগণকে সম্মান করতে শিখুন। বিশ্ব ইতিহাসে গণভোটের রায়কে এভাবে উপেক্ষা করার নজির নেই। নিজেদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবেন না।

সেমিনারে তিনি ঘোষণা দেন যে, গণভোটের রায় কার্যকর করার দাবিতে আগামী ২৪শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে ১১ দলীয় ঐক্যের শরিক দল হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস বিশাল গণসমাবেশ করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সেমিনারে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিএই/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর