গণভোটের রায় বাস্তবায়নে তিন দফা দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোটের রায় নিয়ে মতপার্থক্যের কোনো অবকাশ নেই। দেশের মানুষ সংস্কার বাস্তবায়ন করতে চেয়েছে। সেখানে কোনো দলকে বিশেষ সুবিধা দিতে গিয়ে সংস্কারকে পাশ কাটানো হলে তা জনগণ মেনে নেবে না।”
তিনি আরও বলেন, বর্তমান সাংবিধানিক কাঠামো পরিবর্তন করা প্রয়োজন। “এই কাঠামো ফ্যাসিস্ট রূপ নেয়। ব্যক্তি পরিবর্তন করে লাভ নেই, সিস্টেম পরিবর্তন করতে হবে। এ পরিবর্তনের দাবিতেই মানুষ রাজপথে নেমেছিল,” বলেন তিনি।
দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি বলেন, তা না হলে দুর্নীতিবাজরাই লাভবান হবে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, যা দেশের উন্নয়নে সহায়ক নয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনশনরত শিক্ষার্থীরা ৩১ ঘণ্টা ধরে অবস্থান করছেন। তাদের দাবি গণভোটের রায় বাস্তবায়ন। এ দাবি মানা না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে রাত পৌনে ১১টার দিকে অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করতে ঘটনাস্থলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম।
উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন। পরে তার সঙ্গে সংহতি জানিয়ে অনশনে যোগ দেন সমাজবিজ্ঞান বিভাগের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন শাহীন।




