বিএনপি নিজেদের ঘোষিত ইশতেহার ও ৩১ দফার অঙ্গীকার থেকে সরে গিয়ে আওয়ামী লীগের মতো আচরণ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, স্থানীয় সরকারব্যবস্থায় হস্তক্ষেপমূলক নতুন আইন প্রণয়নের মাধ্যমে বিএনপি তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকেই সরে এসেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সরকার প্রশাসন সংক্রান্ত একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে হান্নান মাসউদ এসব বলেন।
বিজ্ঞাপন
হান্নান মাসউদ বলেন, বিএনপির ৩১ দফার ২০ নম্বর দফায় স্পষ্টভাবে উল্লেখ ছিল—মৃত্যু বা দণ্ডপ্রাপ্ত হওয়া ছাড়া কোনো স্থানীয় সরকার প্রতিনিধিকে অপসারণ করা হবে না। অথচ বর্তমান বিলের মাধ্যমে সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এই বিল স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে ‘পিঠে ছুরিকাঘাতের’ সামিল।
বিলটিকে গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে মাসউদ বলেন, ‘বিশেষ পরিস্থিতি’ ও ‘জনস্বার্থ’ শব্দগুলোকে অস্পষ্ট রেখে আইনটি প্রণয়ন করা হচ্ছে, যা ভবিষ্যতে অপব্যবহারের সুযোগ সৃষ্টি করবে। তিনি জানতে চান, এসব শব্দের নির্দিষ্ট সংজ্ঞা কী এবং কোন পরিস্থিতিতে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করা হবে।
এনসিপির এই সংসদ সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেন, দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যর্থ হলে বা অবৈধ সুবিধা না দিলে স্থানীয় জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়ার হাতিয়ার হিসেবে এই আইন ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে ‘উপযুক্ত ব্যক্তি’ নিয়োগের বিধান নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এর মাধ্যমে দলীয় নেতাকর্মী বা প্রভাবশালী ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানোর সুযোগ তৈরি হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করবে।
বক্তব্যের একপর্যায়ে হান্নান মাসউদ সাম্প্রতিক বগুড়া ও শেরপুর উপনির্বাচনের প্রসঙ্গ টেনে নির্বাচনি অনিয়মের অভিযোগ করেন। তিনি বলেন, বিরোধীদলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং অপ্রাপ্তবয়স্কদের দিয়ে ভোট দেওয়ানোর মতো ঘটনা ঘটছে, যা নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।
বিজ্ঞাপন
অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে হান্নান মাসউদ বলেন, ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনসহ বিভিন্ন সময়ে গণতন্ত্রবিরোধী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হলেও জনগণের প্রতিরোধের মুখে তা টেকেনি। তিনি সতর্ক করে বলেন, ভোট কারচুপির রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না।
বক্তব্যের শেষাংশে মাসউদ বলেন, ‘বিএনপি যতই চেষ্টা করুক, আওয়ামী লীগ আর হতে পারবে না।’ স্থানীয় সরকার কাঠামোকে দুর্বল করার এই উদ্যোগ থেকে সরে এসে গণতান্ত্রিক চর্চা জোরদারের আহ্বান জানান তিনি।
টিএই/ক.ম




