বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

আবু সাঈদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার চায় ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

আবু সাঈদ হত্যা মামলার আসামিদের দ্রত গ্রেফতার চায় ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়কে বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে মামলার অধিকাংশ আসামি পলাতক থাকায় তাদের দ্রুত গ্রেফতারে সরকারের জোরালো উদ্যোগ দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। এতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ছাত্র-জনতার হত্যাকাণ্ডসংক্রান্ত এ মামলার রায় বিচার প্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি।


বিজ্ঞাপন


মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মামলার ২৫ আসামির মধ্যে মাত্র দুজন গ্রেফতার হয়েছেন, বাকিরা পলাতক। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার, মহানগর পুলিশের সাবেক কমিশনার ও একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের রায় বিচার প্রক্রিয়ার প্রাথমিক ধাপ। উচ্চ আদালতে শুনানি ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে রায় কার্যকর হয়। তাই সাজাপ্রাপ্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি বাস্তবায়নে সরকারকে আরও সক্রিয় ও সতর্ক হতে হবে।

একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের অন্যান্য মামলার ক্ষেত্রেও অগ্রগতি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এ ধরনের হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই বলেও মন্তব্য করেন মাওলানা গাজী আতাউর রহমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলায় ‘হুকুমের আসামি’দের তুলনামূলক নমনীয় শাস্তি হয়েছে বলে মনে করছে দলটি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির বক্তব্যের প্রসঙ্গ টেনে বলা হয়, অনেক ক্ষেত্রে অধস্তন পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন নির্দেশ পালন করতে বাধ্য হন; ফলে নির্দেশদাতাদের দায় নির্ধারণ জরুরি।


বিজ্ঞাপন


তবে বিচারব্যবস্থার প্রতি আস্থা রেখে মাওলানা গাজী আতাউর রহমান আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ হবে।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর