রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিএনপির সংসদ সদস্যরা ‘স্মৃতি বিস্মৃত’ হয়ে গেছেন: সংসদে আখতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

বিএনপির সংসদ সদস্যরা ‘স্মৃতি বিস্মৃত’ হয়ে গেছেন: সংসদে আখতার
বিএনপির সংসদ সদস্যরা ‘স্মৃতি বিস্মৃত’ হয়ে গেছেন: সংসদে আখতার

বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার ও জুলাই সনদ সংশ্লিষ্ট পূর্ববর্তী সিদ্ধান্তগুলো ভুলে গিয়ে ‘স্মৃতি বিস্মৃত’ হয়ে গেছেন—বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে জুলাই সনদ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


আখতার বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ধারণা নিয়ে এখন বিতর্ক তৈরি হয়েছে, সেটি কোনো নতুন বিষয় নয়; বরং ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতেই এই প্রস্তাব এসেছে।

তিনি বলেন, আমরা এনসিপির পক্ষ থেকে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব দিয়েছিলাম। সরকার দলীয় পক্ষ থেকে বলা হয়েছিল সংসদের মাধ্যমে তা করতে হবে। পরে দীর্ঘ আলোচনা শেষে আমরা সবাই একমত হয়েছিলাম যে, গণপরিষদ বা সংসদ নয়—একটি গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই বিষয়টি বাস্তবায়ন করা হবে।

বিএনপির অবস্থান পরিবর্তনের সমালোচনা করে আখতার বলেন, আজকে যারা সরকার দলীয় সংসদ সদস্য হিসেবে আছেন, তারা সেই আলোচনার বিষয়গুলো ভুলে গেছেন। এটি আমাদের জন্য হতাশাজনক।

তিনি আরও বলেন, ৩১ জুলাই ঐকমত্য কমিশনের বৈঠকে সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছিল, কিন্তু এখন সেই সিদ্ধান্ত বিএনপি মানতে চাইছে না।


বিজ্ঞাপন


তিনি অভিযোগ করেন, আজকে বিএনপি ব্যাকস্পেস চেপে পেছনে ফিরে যেতে চায়। তার মতে, সংস্কার প্রক্রিয়ার পাঁচটি ধাপ—জুলাই সনদ, আদেশ, অধ্যাদেশ, গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ—সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা জরুরি। কিন্তু সরকার দলীয় সদস্যরা এসবের মধ্যে কেবল জুলাই সনদের একটি অংশ নিয়ে কথা বলছেন।

আখতার বলেন, তারা আদেশের কথা বলেন না, অধ্যাদেশের কথা বলেন না, গণভোটের কথা বলেন না। শুধু জুলাই সনদের কথা বলেন—সেটাও ‘নোট অব ডিসেন্ট’সহ।

তিনি দাবি করেন, ঐকমত্য কমিশনের খসড়া সনদে কোনো ‘নোট অব ডিসেন্ট’ ছিল না। পরে জাতীয় সংসদের বাইরে স্বাক্ষরের সময় এটি যুক্ত করা হয়েছে, যা তিনি ‘জাতির সঙ্গে প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন।

এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ঐকমত্য কমিশনের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত বিষয়টি খতিয়ে দেখা এবং সত্য উদঘাটন করা।

জুলাই সনদের আইনগত বৈধতা নিয়ে সমালোচনার জবাবে আখতার বলেন, সনদের প্রস্তাবনায় স্পষ্টভাবে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে আদেশ জারির কথা উল্লেখ রয়েছে।

তিনি বলেন, জনগণকে অজ্ঞ মনে করা ঠিক নয়। যারা এখন গণভোটের রায়ের বিরুদ্ধে কথা বলছেন, তারা নিজেরাই জনগণের রায়কে অস্বীকার করছেন।

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে এখন বিপক্ষে অবস্থান নেওয়া বিএনপির দলগত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে এবং তাদের রাজনৈতিক অসঙ্গতিকে সামনে নিয়ে আসে।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর