শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সিদ্ধান্তে মহিলা জামায়াতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সিদ্ধান্তে মহিলা জামায়াতের উদ্বেগ
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। ছবি: ইন্টারনেট

দেশের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। 

শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দলটির মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু।


বিজ্ঞাপন


বিবৃতিতে সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে বাস্তবতা বিবেচনা না করে হঠাৎ অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক। 

দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী এখনো প্রযুক্তিগত সুবিধা, মানসম্মত ইন্টারনেট সংযোগ ও প্রয়োজনীয় ডিভাইসের নাগালের বাইরে রয়েছে। ফলে অনলাইন ক্লাস বাধ্যতামূলক করা হলে দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীরা মারাত্মক বৈষম্যের শিকার হবে এবং অনেকেই ঝরে পড়ার ঝুঁকিতে পড়বে।

তিনি আরও বলেন, করোনাকালীন সময়েও শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল, যার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। 

শিল্পকারখানা যেমন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বন্ধ রাখা যায় না, তেমনি অনলাইন ক্লাস চালু করাও বিদ্যুৎ সাশ্রয়ের কার্যকর সমাধান নয়। বরং জ্বালানি খাতে দুর্নীতি, অপচয় ও লুটপাট বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, শ্রেণিকক্ষভিত্তিক স্বাভাবিক পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীর সরাসরি যোগাযোগ এবং সহপাঠীদের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়া শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা অনলাইনের মাধ্যমে পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও উল্লেখ করেন, দেশের শিক্ষাখাত বর্তমানে সংস্কার ও পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সময়ে শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাসে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এর পরিবর্তে অনলাইন ক্লাসকে প্রধান বিকল্প হিসেবে দাঁড় করানো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না।

বিবৃতিতে সরকারের প্রতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও কার্যকর পাঠদান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এম/এআরএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর