বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিএনপি প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান তৈরি করেছে: ছাত্রশক্তি সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

Chatrshakti President
ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনার। ছবি: ঢাকা মেইল

প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে বিএনপি ব্যবধান তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। তিনি বলেন, সংবিধান সংস্কার ও গণভোট ইস্যুতে দলটি একদিকে জনগণকে আশ্বাস দিয়েছে, অন্যদিকে বাস্তবে ভিন্ন অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে ছাত্রশক্তি সভাপতি এসব বলেন।


বিজ্ঞাপন


জাহিদ আহসান বলেন, সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট নিয়ে বিএনপি ও তাদের নেতারা বিভিন্ন সময়ে জনগণের কাছে যে অবস্থান তুলে ধরেছেন, তা পরবর্তীতে পরিবর্তিত হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বসহ সংশ্লিষ্টরা এক সময় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও পরে সেই অবস্থান থেকে সরে এসে ভিন্ন বক্তব্য দিচ্ছেন।

‘একটি সময়ে বিএনপি তাদের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে। ওই প্রতিশ্রুতিগুলোকে কেন্দ্র করে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তবতায় এসে সেই অবস্থান থেকে সরে আসা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’ বলেন ছাত্রশক্তি সভাপতি। 

গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, সেটিকে এখন ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে জানিয়ে জাহিদ বলেন, গণভোটের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করা হলে জনগণের মতামতের প্রতি অবমাননা করা হয়। বিএনপির অবস্থান জনগণের সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন। একই ইস্যুতে একাধিক অবস্থান গ্রহণ করলে তা রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এবং জনগণের আস্থার সংকট বাড়ায়।’

সংসদ ও রাজনৈতিক প্রক্রিয়া প্রসঙ্গে জাহিদ বলেন, গণতন্ত্রে ভিন্নমত থাকবে, তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বচ্ছতা থাকা জরুরি। প্রতিশ্রুতি দিয়ে পরে তা অস্বীকার করা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। দেশের রাজনৈতিক প্রজন্মকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। অতীতের ব্যর্থতা যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন থাকতে হবে।


বিজ্ঞাপন


জাহিদ আহসান জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, এই আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশের ভবিষ্যৎ পরিবর্তনের পথ খুলে দিয়েছে। তিনি বলেন, এই প্রজন্ম সেই সুযোগ কাজে লাগিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। ছাত্রসমাজ ও তরুণ প্রজন্ম দেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান দূর করে একটি দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।

এএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর