দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই— সরকারের এমন দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি শুধু গুজব বা সাধারণ বাজার সমস্যার ফল নয়; বরং এটি সংশ্লিষ্ট ব্যবস্থাপনার দুর্বলতা ও তদারকি ঘাটতির প্রতিফলন। একই সঙ্গে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করে তুলছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
রাশেদুল ইসলাম বলেন, সরকার বারবার বলছে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় কার্যকর বাজার তদারকি ও সমন্বয়ের অভাব স্পষ্ট।
তিনি আরো বলেন, স্থানীয়ভাবে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। তবে এই সংকট মোকাবিলায় সরকারের দায় এড়ানোর সুযোগ নেই এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
এ সময় তিনি প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত না করা, গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকা এবং কালোবাজারি বা অনিয়ম দেখলে প্রশাসনকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ করেন। কালোবাজারি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা জনগণকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনগণের ভোগান্তি লাঘবে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন শেরপুর-১ আসনের এই সংসদ সদস্য।
বিজ্ঞাপন
টিএই/এফএ

