শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

তেলের দাম না বাড়িয়ে জনগণের স্বার্থ রক্ষা করছেন তারেক রহমান: প্রিন্স

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

তেলের দাম না বাড়িয়ে জনগণের স্বার্থ রক্ষা করছেন তারেক রহমান: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, জ্বালানি তেলের বৈশ্বিক সংকট ও অর্থনৈতিক চাপের কারণে বিশ্বের প্রায় সব দেশেই তেলের দাম বৃদ্ধি পেলেও দেশের জনগণের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের মূল্য বৃদ্ধি করেনি।

শনিবার (২৮ মার্চ) বিকেলে ময়মনসিংহের বিলডোরা বাজারে এবং শকুয়াই ইউনিয়নের সাকনাইট বাজারে গণসংযোগ ও জনসাধারণের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


এছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে সাকুয়াই ইউনিয়নের পূর্ব সাকনাইট গ্রামে উপজেলা বিএনপির সদস্য সাবেক ইউপি মেম্বার সদ্য প্রয়াত মরহুম জালাল উদ্দিনের কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। তিনি মরহুমের স্ত্রী, ছেলের সাথে সাক্ষাত করেন এবং তাদেরকে সমবেদনা জানান। 

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। অনেক দেশেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কষ্টের কথা বিবেচনা করে এখনো তেলের মূল্য বৃদ্ধি করতে দেননি।

‘সবার আগে বাংলাদেশ ও দেশের জনগণ’- এই নীতির আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনা করছে উল্লেখ করে প্রিন্স বলেন, দেশ ও জনগণের স্বার্থই বিএনপি ও তারেক রহমানের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। মানুষের জীবনযাত্রার ব্যয় যেন সহনীয় থাকে, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, বলেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সব সময় জনগণের পাশে রয়েছে এবং সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।


বিজ্ঞাপন


তিনি বলেন, তারেক রহমান অর্থনৈতিক চাপের মধ্যেও সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই ফ্যামিলি কার্ড, সুদসহ কৃষিঋণ মওকুফ, ইমাম-মোয়াজ্জেনসহ অন্যান্য ধর্মের নেতাদেরকে রাষ্ট্রীয় প্রণোদনা প্রদানসহ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছেন, যা ইতিহাসে বিরল। তিনি সকলকে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করার ও জ্বালানি তেল, বিদ্যুৎ ব্যবহারে সশ্রয়ী হবার আহ্বান জানান।

গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বিলডোরা বাজারের বিভিন্ন স্থানে উপস্থিত জনগণের সাথে মতবিনিময় করেন।

এ সময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ময়না, বিএনপি নেতা সামসুল হক, আমজাদ হোসেন, বিলডোরা ইঊনিয়ন বিএনপির সদস্য সচিব আলী আকবর, যুগ্ম আহ্বায়ক লাইট মিয়া আকন্দ, আবুল কালাম আজাদ, সাদিকুল ইসলাম, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, পলাশ মিয়া, উপজেলা ছাত্রদলের রাইসুল ইসলাম রাফিন, আবদুল্লাহ আল মামুন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর