বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ঢাকা

লাগামহীন মূল্যস্ফীতিতে জনজীবন দুর্বিষহ: সেলিম উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

লাগামহীন মূল্যস্ফীতিতে জনজীবন দুর্বিষহ: সেলিম উদ্দিন
বক্তব্য দিচ্ছেন জামায়াত নেতা সেলিম উদ্দিন। ছবি: সংগৃহীত

লাগামহীন মূল্যস্ফীতির কারণে প্রান্তিক মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৫ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়া খেলাঘর মাঠ সংলগ্ন উদ্যম প্রচেষ্টা ক্রিকেট প্রাঙ্গনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও দক্ষিণ থানা।


বিজ্ঞাপন


সেলিম উদ্দিন বলেন, লাগামহীন মূল্যস্ফীতি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সরকারের ব্যর্থতার কারণে মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। দেশে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় মানুষের অধিকার প্রতিনিয়ত পদদলিত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, সর্বত্রই মানুষের আহাজারি ও আর্তনাদ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামী একটি গণমুখী ও আদর্শবাদী সংগঠন হিসেবে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে রাষ্ট্রের সামগ্রিক ব্যর্থতা ব্যক্তি বা সংগঠনের পক্ষে পূরণ করা সম্ভব নয়।

সেলিম উদ্দিন আরও বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে। তিনি আর্তমানবতার কল্যাণে সরকার, রাজনৈতিক দল এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর জাতীয় জীবনে নতুন আশাবাদের সৃষ্টি হলেও রাজনৈতিক ব্যর্থতার কারণে তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। নতুন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। সুশাসনের অভাবে দেশের অর্থনৈতিক খাত ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও দক্ষিণ থানা আমীর ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী। এতে তেজগাঁও দক্ষিণ থানার বায়তুলমাল সম্পাদক আজিজুল হক, অফিস সম্পাদক ডা. তৌফিক, পূর্ব তেজতুরী বাজার মহল্লার সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, তেজকুনিপাড়া মসজিদ কমিটির সদস্য সচিব হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রায় ৫০০ অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

টিএই/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর