বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জামায়াত আমিরের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

শেয়ার করুন:

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জামায়াত আমিরের আহ্বান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২৪ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ দেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা।’


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসনমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার ৫৫ বছর পরও বহু প্রত্যাশা পূরণ হয়নি।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন সরকার গঠিত হয়েছে। দেশবাসীর প্রত্যাশা, দেশে আর কোনোভাবেই স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি হবে না এবং জনগণ ভীতি ছাড়াই চলাফেরা ও মতপ্রকাশ করতে পারবে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে যেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয় এবং ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত পরিবেশ গড়ে ওঠে-এটাই জনগণের প্রত্যাশা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে আহ্বানও জানান তিনি।


বিজ্ঞাপন


তিনি অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে সরকারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ নিয়ে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না।’

বিবৃতিতে তিনি মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাতের কথাও উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব একটি সংকটময় সময় অতিক্রম করছে এবং মানবতা হুমকির মুখে রয়েছে।

শেষে তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় মহান আল্লাহর কাছে দোয়া করেন।

টিএই/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর